বিপিএলের চলতি আসরে তিন ম্যাচ খেলে তিনটিতেই হারের মুখ দেখেছে খুলনা টাইগার্স। নিজেদের প্রথম জয়ের খোঁজে আজ রংপুর রাইডার্সের বিপক্ষে টস জিতে বোলিং নিয়েছিলো খুলনা। আগে ব্যাটিংয়ে নেমে খুলনার বিপক্ষে খুব একটা সুবিধা করতে পারেনি রংপুর। নির্ধারিত ২০ ওভারে রাইডার্স ব্যাটাররা অলআউট হয়েছে ১২৯ রানেই।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুপুর ১টা ৩০ মিনিটে খুলনার মুখোমুখি হয় রংপুর। টস জিতে রংপুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় খুলনার অধিনায়ক ইয়াসির রাব্বি। নিয়মিত অধিনায়ক নুরুল হাসান সোহানের ইনজুরির কারণে রংপুরের হয়ে আজ টস করতে নামেন ফর্মে থাকা অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।
ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই খুব একটা সুবিধা করতে পারেনি রাইডার্স ব্যাটাররা। দলীয় কোন রান না হতেই ইনিংসের দ্বিতীয় বলে সাজঘরে ফেরেন রাইডার্স ওপেনার রনি তালুকদার। শুরুর সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি রংপুরের ব্যাটাররা।
খুলনার বোলারদের সামনে আজ নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে রংপুরের ব্যাটাররা। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন উইকেটে থিতু হয়েও বেশিদূর টানতে পারেননি দলকে। ২৪ বলে ২৫ রান করেই প্যাভিলিয়নের পথ ধরেন এই ওপেনার।
মেহেদী হাসানও আশা দেখিয়েছিলেন রংপুরকে। তবে ৩৪ বলে ৩৮ করে ফিরতে হয়েছে তাকেও। মিডল-অর্ডারের ভরসা শোয়েব মালিক আজ ফিরেছেন ১৪ বলে ৯ রান করেই। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষমেশ নির্ধারিত ২০ ওভারে অলআউট হয়ে ১২৯ রান সংগ্রহ করে রংপুর।
খুলনার হয়ে ৪ ওভারে ১৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। এছাড়া ৩ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছে আমাদ বাট।
