সিরাজগঞ্জ সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উভয় যানবাহনের দুই চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ভেওয়ামারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খুদবান্দি গ্রামের সিএনজিচালক মৃত সিদ্দিকের ছেলে আনোয়ার হোসেন (৪০) ও সিরাজগঞ্জ সদরের কুড়ালিয়া গ্রামের মৃত লাল চাঁনের ছেলে ফজেল (৪৫)।
সিরাজগঞ্জ সদর থানার এসআই রেজাউল ইসলাম শাহ জানান, একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে কাজিপুরে যাচ্ছিল। ভেওয়ামারা এলাকায় পৌঁছলে একটি মোটরসাইকেলের সঙ্গে প্রথমে সংঘর্ষ হয়। সেখান থেকে পালাতে গিয়ে চিলগাছা বাজার এলাকায় আরেকটি অটোভ্যানের সঙ্গে দ্বিতীয় দুর্ঘটনা ঘটে। সেখান থেকে আবারও পালানোর সময় আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো ও মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে দুজনই মারা যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনরা নিহতের লাশ নিয়ে যান।
