সিংগাইরে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় শুরু

আপডেট : ১৮ জুন ২০১৯, ০০:০৫

মানিকগঞ্জের সিংগাইরে সরাসরি কার্ডধারী কৃষকের কাছ থেকে বোরো ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলার জয়মন্টপ ইউপি কার্যালয়ে কৃষকের কাছ থেকে এ ধান ক্রয়ের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য খ্যাতিমান কণ্ঠশিল্পী মমতাজ বেগম। প্রায় ৫০ জন কৃষান-কৃষানি তাদের ধান বিক্রি করতে ধানের নমুনা নিয়ে আসেন। আর্দ্রতা মাপার মেশিনে ধান পরীক্ষা করে এসময় ৩০ জনের কাছ থেকে ৩০ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত হয়। উপজেলা থেকে ৩১২ মেট্রিক টন ধান ক্রয় করা হবে এ বছরে।

ধান ক্রয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মমতাজ বেগম এমপি বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের আমলে পুলিশের গুলিতে কৃষক মারা গেছে। শেখ হাসিনা ভোটের অধিকার আর ভাতের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছেন যাতে করে বঙ্গবন্ধুর সোনার বাংলায় ভাতের জন্য কাউকে আর মরতে না হয়। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শেখ হাসিনা সরকার থাকতে কেউ ভাতের জন্য মারা যাবে না। তিনি ধান কেনার ক্ষেত্রে কৃষক যেন ন্যায্যমূল্য পায় এবং মাঝখানে অন্য কেউ সুবিধা না নিতে পারে সেটা দেখার জন্য প্রশাসনকে নির্দেশ দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেলা রহমত উল্লাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান স্বপন, থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, উপজেলা প্রকৌশলী রুবায়েত জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল আলম উজ্জ্বল, ইউপি চেয়ারম্যান শাহাদাত্ হোসেন, খাদ্য কর্মকর্তা শাব্বির হোসেন মুরাদ, খাদ্য নিয়ন্ত্রক (এলএসডি) মিজানুর রহমান প্রমুখ।