ঢাকার দোহার উপজেলার রায়পাড়ার প্রায় দুইশ বছরের পুরনো শিবমন্দির দখলমুক্ত করেছে প্রশাসন। রবিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র ঘটনাস্থলে গিয়ে জমি দখল করে নির্মাণাধীন ইটের প্রাচীর ভেঙে ফেলার নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিব মন্দিরের জমি দখলের উদ্দেশে সেই জমিতে বাউন্ডারি ওয়াল নির্মাণ শুরু করেন স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাক মুন্সি। স্থানীয়রা রাজ্জাক মুন্সিকে এ কাজ করতে নিষেধ করলেও তিনি তাতে কর্ণপাত করেননি।
রবিবার সকালে বিষয়টি স্থানীয়রা ঢাকা জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং দোহার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অমিতাভ পাল অপুকে জানান। তাত্ক্ষণিকভাবে বিষয়টি দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবাকে অবহিত করেন দোহার উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ। তখন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্রকে নির্দেশ দেন। একইসঙ্গে এলাকার হিন্দু সম্প্র্রদায়ের লোকজন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার বিকেলে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পেয়ে জায়গাটি দখলমুক্ত করতে বন্ধ করে দেন বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ। সোমবারের মধ্যে নির্মাণাধীন প্রাচীরটি ভেঙে ফেলারও নির্দেশ দেন তিনি।
মন্দিরের জায়গা দখলমুক্ত হওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেন স্থানীয় হিন্দু সম্প্র্রদায়ের লোকজন। এজন্য তারা স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানান। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সোমবার সকাল থেকে পুরো দেয়াল অপসারণের কাজ শুরু করেছে দখলদাররা।
