উলিপুরে ঝড়ের তাণ্ডবে ১৫টি গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। এসব এলাকার গাছপালা উপড়ে পড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে জীবনযাপন করছে। ঐসব এলাকার বিদ্যুত্ সঞ্চালন লাইনের ১০টি খুঁটি ভেঙে যাওয়ায় বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়ের তাণ্ডবে কৃষকের পাট ও সবজি খেতসহ প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পল্লী বিদ্যুত্ সমিতির উলিপুর জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার কাজি জসিম উদ্দিন জানান, খুঁটি ও ট্রান্সমিটার মেরামতের কাজ চলছে। উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের বলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্তদের তালিকা দ্রুত জমা দিতে বলা হয়েছে।
জানা গেছে, রবিবার রাতে উপজেলার ধরনীবাড়ী, দুর্গাপুর, তবকপুর ও ধামশ্রেণী ইউনিয়নের ১৫টি গ্রামসহ পৌরসভার পশ্চিম শিববাড়ি, হায়াত্খা, নারিকেলবাড়ি, খালিভিটা গ্রামের ওপর দিয়ে হঠাত্ দমকা হাওয়াসহ ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। ঝড়ে এসব এলাকায় দুই শতাধিক গাছপালা ও অর্ধশতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। চারটি ট্রান্সমিটারও ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি স্থানে গাছ তারের ওপর পড়ে বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
