গাজীপুর সদর উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মো. আতিকুজ্জামান আতিক। সোমবার দুপুরে গাজীপুর জেলা শহরে তার বাসভবনে এক প্রেস ব্রিফিং-এ নৌকাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন সাবেক এই ছাত্রলীগ নেতা। আজ সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
প্রেস ব্রিফিং-এ তিনি আওয়ামী লীগ ও নৌকার প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রীনা পারভীনকে সমর্থন জানিয়ে বলেন, দলের স্বার্থে এবং দলের সিনিয়র নেতাদের অনুরোধে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। একই সঙ্গে তার সকল কর্মী-সমর্থকদের নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান ফ্রান্স শাখা আওয়ামী লীগের এই নেতা।
