জবিতে ‘১০ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড’ অনুষ্ঠিত

আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ২২:৪৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আয়োজনে ‘১০ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৮ (ঢাকা দক্ষিণ অঞ্চল)’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গণিত সমিতি এবং এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান অলিম্পিয়াডের উদ্বোধন করেন। এরপর উপাচার্যের নেতৃত্বে একটি সুজ্জিত র‌্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালিতে অলিম্পিয়াড অনুষ্ঠানের অতিথি, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জবির ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ মোবারক হোসেন এবং কম্পিউটার সায়েন্স বিভাগ, বুয়েটের অধ্যাপক ড. মোঃ কায়কোবাদ বক্তব্য দেন।

জবির গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন অলিম্পিয়াড কমিটির আহ্বায়ক ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মণ্ডল। সার্বিক দায়িত্বে ছিলেন অলিম্পিয়াড কমিটির সদস্য সচিব ও জবির গণিত বিভাগের অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান।

উল্লেখ্য, অলিম্পিয়াডে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জবি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসেফিক, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি, হামদার্দ ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশসহ মোট ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের (অনার্স পর্যায়ে) ১৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

‘১০ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৮ (ঢাকা দক্ষিণ অঞ্চল)’ হতে দশ প্রতিযোগী বুয়েটে অনুষ্ঠিতব্য চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হন। এরা যথাক্রমে বুয়েটের সাদমান সাকিব, মোঃ সাব্বির রহমান, শামিম সাদমান সাদ, মুনজারীন রেজা, ঢাবির মোঃ নিরব হোসেন, কাফিল ইবনে কামাল, সুচি চাকী, শোভা ইসলাম ও পার্থ সুত্রধর এবং জবির তমা রানী সাহা।

ইত্তেফাক/আরকেজি