মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ফলে বিপদের মুখে পড়েছে চীনা টেলিকম কোম্পানি হুয়াওয়ে। আন্তর্জাতিক বাজারে তাদের মোবাইল ফোনের বিক্রি কমে গেছে অন্তত ৪০ ভাগ। এ কারণে তারা তাদের উত্পাদনও কমিয়ে দিচ্ছে। হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেই তার প্রতিষ্ঠানকে তুলনা করেছেন একটি খারাপ হয়ে যাওয়া বিমানের সঙ্গে। তিনি বলছেন, মার্কিন সরকার যে হুয়াওয়ে কোম্পানির বিরুদ্ধে এত কঠোর পদক্ষেপ নেবে তা তারা আন্দাজ করতে পারেননি। যুক্তরাষ্ট্রের নতুন আইনে বলা হয়েছে, কোনো মার্কিন কোম্পানি বা মার্কিন প্রযুক্তি ব্যবহার করে এমন কোনো কোম্পানির জন্য হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করা নিষিদ্ধ। এরকম কঠোর আইনের ফলে গত এক মাসে হুয়াওয়ের মোবাইল হ্যান্ডসেট বিক্রি ৪০ ভাগ কমে গেছে। রেন ঝেংফেই বলছেন, তারা তাদের উত্পাদন ৩ হাজার কোটি ডলার কমিয়ে দেবেন। বিশ্ববাজারে সবচেয়ে বেশি মোবাইল হ্যান্ডসেট বিক্রি হয় স্যামসাংয়ের। তারপরই আছে হুয়াওয়ে এবং এ্যাপলের আইফোন আছে তৃতীয় স্থানে। পৃথিবীর সব মহাদেশেই তাদের বাজার বিকশিত হচ্ছে। -বিবিসি
