মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে রিট

আপডেট : ১৮ জুন ২০১৯, ০০:২২

ঢাকা শহরের ফার্মেসিতে থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয় বন্ধ ও অবিলম্বে প্রত্যাহারের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার এই বেঞ্চে শুনানির জন্য রিটকারীর আইনজীবী অনুমতি নিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার। ‘ঢাকায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ’ শিরোনামে বিভিন্ন জাতীয় দৈনিকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গত ১০ জুন ফার্মগেটের খামারবাড়িতে ‘বিশ্ব নিরাপদ খাদ্য দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ঢাকা শহরের ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা হয়। বাজার তদারকির গত ছয় মাসের প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ভোক্তা আইনের বিভিন্ন ধারায় অনেক প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি কয়েকটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানান ঐ কর্মকর্তা।