সর্বদলীয় বৈঠক ডাকলেন মোদি

আপডেট : ১৮ জুন ২০১৯, ০০:৫৫

আগামীকাল বুধবার এক সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভায় সকল দলের লোকসভা এবং রাজ্যসভার প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। নতুনভাবে লোকসভা গঠনের পর প্রথম অধিবেশন শুরু হওয়ার আগেই ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে আলোচনা করতে চান প্রধানমন্ত্রী। সেইসঙ্গে আলোচিত হবে অন্যান্য আনুষঙ্গিক বিষয়ও। এবারের লোকসভায় রয়েছেন অসংখ্য নতুন মুখ। এই প্রসঙ্গে মোদি জানিয়েছেন সংসদের নিম্নকক্ষের প্রথম অধিবেশন শুরু হওয়া উচিত নতুন চিন্তাভাবনা দিয়ে।

গোটা দেশে একই দিন লোকসভা এবং রাজ্যসভা নির্বাচন আয়োজনের ব্যাপারে মোদির আগ্রহ অনেক দিনের। এতে দেশের বিপুল পরিমাণ ব্যয় সাশ্রয় হবে বলে মনে করেন তিনি। এ ব্যাপারে সব দলের সম্মতি থাকলেই সেটি বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছে বিজেপি।

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী জানিয়েছেন, প্রত্যেকবার সংসদে লোকসভার অধিবেশন শুরু হওয়ার আগে সর্বদলীয় বৈঠক হয়ে থাকে, যা সংসদীয় কাজকর্মকে সুষ্ঠুভাবে হতে সাহায্য করে। তিনি আরো জানান, বিরোধী দলের প্রতিনিধিদের সংসদের কাজ সুষ্ঠুভাবে করার জন্য বিশেষভাবে সহযোগিতা প্রার্থনা করা হচ্ছে।

জোশী সাংবাদিকদের জানিয়েছেন, সংসদ সদস্যরা আদৌ দেশের মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম কি না সেটা নিয়েও আলোচনা হবে। এছাড়া ২০২২ সালে দেশের ৭৫তম স্বাধীনতা দিবস উদ্যাপন এবং এ বছর মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী পালনের জন্যও প্রয়োজনীয় আলোচনা করা হবে। রবিবারের বৈঠকে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ছাড়াও উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ, কংগ্রেস এমপি অধীর রঞ্জন চৌধুরী, কোদিকুনীল সুরেশ, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। বাজেট অধিবেশনে আলোচিত বিষয়গুলোর মধ্যে থাকতে পারে তিন তালাক, নাগরিকত্ব, সারোগেসির মতো বহু আলোচ্য বিল।

সোমবার সংসদের বাইরে মোদির মুখে শোনা গেল বিরোধীদের লোকসভায় প্রত্যক্ষ ভাবে অংশ গ্রহণের কথা। সাংবাদিকদের প্রধানমন্ত্রী বললেন, সংসদীয় গণতন্ত্রে বিরোধীদের প্রত্যক্ষ অংশগ্রহণ খুব জরুরি। সংখ্যা নিয়ে না ভেবে বিরোধীরা সক্রিয়ভাবে লোকসভার সমস্ত প্রক্রিয়ায় অংশ গ্রহণ করুক।

গতকালের বৈঠকের পর মোদি এক টুইটে বলেন, সব দলের অংশগ্রহণে আমাদের মধ্যে একটি চমত্কার আলোচনা হয়েছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা নতুন সংসদ সুন্দরভাবে পরিচালনার জন্য সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন

বৈঠকের পর কংগ্রেস নেতা জি এন আজাদ বলেন, আমরা সংসদে গঠনমূলক ভূমিকা পালন করব। কৃষকদের ঋণ, বেকারত্ব, খরা ইত্যাদি গণমানুষের স্বার্থসম্বলিত বিষয়ক বিলগুলোর ব্যাপারে আমরা বিরোধিতা না করে সরকারকে সহযোগিতা করব।