লৌহজং নদীতে ডুবে যাওয়া ছোট বোনকে বাঁচাতে গিয়ে ভাই নিখোঁজ

আপডেট : ১৮ জুন ২০১৯, ০১:০৯

লৌহজং নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় ভাই নিখোঁজ হয়েছেন। ঘটনার চার ঘণ্টা পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিস ও সির্ভিল ডিফেন্সের কর্মীসহ ডুবুরি দল তাঁকে উদ্ধার করতে পারেনি। গতকাল সোমবার বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের গুনটিয়া এলাকায় লৌহজং নদীতে এ ঘটনা ঘটেছে।

গুনটিয়া গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমান হাবিব জানান, নিখোঁজ যুবকের নাম নিরব (২৬)। গ্রামের বাড়ি বানাইল ইউনিয়নের গল্লী গ্রামে। তিনি গুনটিয়া গ্রামের সাহাদত চৌধুরীর ভাড়া বাসায় থেকে গার্মেন্টে শ্রমিকের কাজ করতেন। সোমবার বিকেলে তাঁর ছোট বোন শিলা নদীতে গোসল করতে নেমে হঠাত্ নিখোঁজ হয়। আশপাশের লোকজন ঘটনা দেখে তার পরিবারকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে নদীতে নেমে বোনকে উদ্ধার করলেও তলিয়ে যান নিরব। স্থানীয় লোকজন ঘটনাটি মির্জাপুর থানা পুলিশ ও মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসকে জানায়। তারা সঙ্গে সঙ্গে ঘনাস্থলে উপস্থিত হয়ে নিরবকে উদ্ধারে নামেন। দীর্ঘ কয়েক ঘণ্টা চেষ্টার পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে মির্জাপুর থানা পুলিশ সূত্র জানিয়েছেন।