পাকিস্তানি ক্রিকেটারদের ফেরত চেয়ে বিসিবিকে চিঠি পিসিবির

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৩:২২

বিপিএলের নবম আসর শুরু হওয়ার আগ থেকে অনেক বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। বিতর্ক চলমান আসরের মাঝেও। তবে সব ছাপিয়ে মাঠের খেলা ঠিকই জমে উঠছে। আর তার পেছনে বড় অবদান পাকিস্তানি ক্রিকেটারদের। সব দলের পাকিস্তানি ক্রিকেটাররাই আলো ছড়াচ্ছেন বিপিএলের মঞ্চে। 

তবে এবার বোধহয় কমে যাবে পাকিস্তানি ক্রিকেটারদের কারণে সৃষ্টি হওয়া সেই উত্তেজনা। চলমান বিপিএলের মাঝপথেই পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর ১০ দিন আগে ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অনুরোধ করে টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিরা। এরপরই পাকিস্তানি ক্রিকেটারদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে পিসিবি। 

এরই মধ্যে বিসিবির কাছে একটি চিঠিও পাঠিয়েছে পিসিবি। আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে পাকিস্তানি ক্রিকেতারদের বিপিএল থেকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে সেই চিঠিতে। বিসিবিও বিপিএলের সবগুলো ফ্র্যাঞ্চাইজিগুলোকে সেই চিঠির কথা জানিয়েছেও। 

চিঠিতে অবশ্য আরও কয়েকদিন পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএলে খেলার উপায়ও বলে দিয়েছে পিসিবি। চিঠিতে বলা হয়েছে, যদি কোনো ক্রিকেটার তার নিজের ফ্র্যাঞ্চাইজির (পিএসএল) সঙ্গে সমঝোতা করে আরও কিছুদিন বিপিএল খেলতে চায়, তাহলে সে ক্ষেত্রে অনুমতি দেবে পিসিবি। অনুমতি পেলে তারা ৭ ফেব্রুয়ারি পর্যন্ত খেলতে পারবে তবে অবশ্যই ৮ ফেব্রুয়ারির মধ্যে ফিরতে হবে তাদের।

পিসিবির পক্ষ থেকে এমন সুযোগ করে দেওয়ায় বিপিএলে খেলা পাকিস্তানি ক্রিকেটাররা তাদের পিএসএল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগাযোগ করছে, যেন অন্তত আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত তারা বিপিএল খেলতে পারে।

ইত্তেফাক/এসএস