কিশোরগঞ্জে ছেলের হাতে মা খুনের অভিযোগ 

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ২১:৪৬

কিশোরগঞ্জের মিঠামইনে ছেলের হাতে মা খুনের অভিযোগ উঠেছে। পরে প্রতিবেশীরা অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। শনিবার (২৮ জানুয়ারি) সকালে মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের বড়হাটি গ্রামে এ ঘটনা ঘটেছে। 

পুলিশ ও নিহতের আত্মীয়স্বজন সূত্রে জানা যায়, অভিযুক্ত ইন্দ্রিজিৎ দাস (৪৫) দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে। তার মা মনমোহিনী দাস (৭৫) অন্যের বাড়িতে কাজ করে খায়। শনিবার সকালে ভাত খেতে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ইন্দ্রজিৎ দাসের সঙ্গে তার মা মনমোহিনী দাসের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইন্দ্রজিৎ একটি কাঠের টুকরা দ্বারা তার মায়ের মাথায় আঘাত করলে তিনি মাঠিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। প্রতিবেশীরা পরে ইন্দ্রজিৎকে আটক করে পুলিশে সোপর্দ করে। 

ইন্দ্রজিতের খুড়তুতো ভাই মনোজিত জানান, তার ভাই মানসিকভাবে অসুস্থ। প্রায়শই তাকে নিয়ে  চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। ইন্দ্রজিৎ তার বাবা-মায়ের একমাত্র সন্তান। এবং স্ত্রী ছাড়াও তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মিঠামইন থানার ওসি কলিন্দ্রনাথ গোলদার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইন্দ্রজিৎ বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। শনিবার বিকালে পৌণে পাঁচটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি বলে ওসি জানান।

 

ইত্তেফাক/পিও