বয়স হতে চলেছে ৪৩। মেয়ের বিয়ের আয়োজনও শুরু করে দিয়েছেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই পাকিস্তান জাতীয় দলের তারকা পেসার শাহিন শাহ আফ্রিরি সঙ্গে তার বড় মেয়ের বিয়ে। কিছু দিন আগেও তিনি ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক। বলা হচ্ছে পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদির কথা।
ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেকদিন আগেই। প্রিয় 'বুম বুম' আফ্রিদিকে ক্রিকেটের মাঠে আর দেখা যাবে না, এমনটিই ভেবেছিলেন তার ভক্তরা। তবে সুখবর হলো তিনি আবারও ফিরছেন মাঠে।
আগামী ৫ ফেব্রুয়ারি পিএসএলের দল পেশোয়ার জালমির হয়ে মাঠে নামবেন আফ্রিদি। শুক্রবার (২৭ জানুয়ারি) খবরটি নিশ্চিত করে টুইট করেছে পেশোয়ার জালমি।
তবে এবার অবশ্য কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নামছেন না আফ্রিদি। পিএসএলের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলবে জালমি। এসেই ম্যাচেই পেশোয়ারের হয়ে মাঠে নামবেন আফ্রিদি।
এদিক, ক্রিকেটপাকিস্তান ডটকমের এক প্রতিবেদনে জানা যায়, আগামী মাসে শুরু হতে যাওয়া পিএসএলের অষ্টম আসরেও নাকি পেশোয়ারের হয়ে খেলবেন আফ্রিদি। তবে এই ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি কোনো পক্ষ থেকেই
