মেক্সিকোর জাকাতেকাস রাজ্যে বন্দুকধারীরা মধ্যরাতে ক্লাবে ঢুকে এলোপাথাড়ি গুলি করে। শুক্রবার (২৭ জানুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জার্মানি সংবাদমাধ্যম ডয়চে ভেলে।
পুলিশ জানিয়েছে, হেরেজ শহরের ওই নাইট ক্লাবে প্রচুর মানুষ ছিলেন সে সময়। দুইটি গাড়ি নিয়ে আততায়ীরা সেখানে পৌঁছায়। গুলি চালাতে চালাতে তারা নাইটক্লাবের ভিতরে ঢোকে। এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। দুইজনের মৃত্যু হয়েছে হাসপাতালে। পাঁচজন গুরুতর আহত অবস্থায় রয়েছে।
কারা একাজ করেছে, তা এখনো স্পষ্ট নয়। কেন তারা গুলি চালিয়েছে, সে বিষয়েও পুলিশ এখনো পর্যন্ত নির্দিষ্ট তথ্য পায়নি। কাউকে গ্রেপ্তার করা যায়নি।
নাইটক্লাবটির নাম এল ভএনাদিতো। জাকাতেকাসের রাজধানী থেকে নাইটক্লাবটি প্রায় ৬০ কিলোমিটার দূরে হেরেজ শহরে অবস্থিত। নিহতদের মধ্যে মধ্যে ওই ক্লাবের কর্মী, গায়ক এবং ক্রেতারা আছেন।
এর আগেও হেরেজে একাধিক সহিংস ঘটনা ঘটেছে। হাজার হাজার মানুষ বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। বস্তুত, হেরেজ ড্রাগ মাফিয়াদের জন্য কুখ্যাত। এই পথ দিয়েই অ্যামেরিকায় ড্রাগ পাচার হয় বলে অভিযোগ।
