বড় লক্ষ্য পূরণে ধীরে চলছে আফগানিস্তান

আপডেট : ১৮ জুন ২০১৯, ২২:১৮

ইংল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য ৩৯৮ রানের পাহাড়সম লক্ষ্য নিয়ে ব্যাট করছে আফগানিস্তান। আর পাহাড় জয়ে তাদের যাত্রাটা হয়েছে একেবারেই ধীরস্থির গতিতে। প্রথম ৪০ ওভারে পতন হয়েছে তিন উইকেটের। আর রান এসেছে ১৯৬। আউট হওয়া তিন ব্যাটসম্যানের মধ্যে রহমত শাহ ৪৬ ও গুলবাদিন নায়েব ৩৭ রান করেছেন। রহমতউল্লাহ শাহিদী ৬৩ ‍ও আসগার আফগান ৪৩ রান করেন। 

মঙ্গবার বিকেলে ওল্ড ট্রাফোর্ডে টস জিতে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ৩৯৭ রান করে ইংল্যান্ড। ইয়ান মরগান ১৪৮ রানের ঝড়ো ইনিংস খেলেন। চলতি বিশ্বকাপে এটিই কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডেরই ৩৮৬ রান ছিল এবারের বিশ্বকাপে সর্বোচ্চ রানের ইনিংস।

দলীয় ৪৪ রানে জেমস ভিন্সকে সাজঘরে পাঠিয়ে আফগানিস্তান প্রতিযোগিতার আভাস দেয়। তবে পরবর্তীতে আর প্রতিযোগিতায় থাকতে পারেনি আফগানরা। দ্বিতীয় উইকেটে জো রুটকে নিয়ে ১২০ রানের দারুণ জুটি গড়েন বেয়ারস্ট। শেষ পর্যন্ত ৯৯ বল থেকে ৯০ রানে বেয়ারস্ট আউট হয়ে যান।

এরপর রুটের সঙ্গী হন ইয়ান মরগান। মাঠে নেমে শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন তিনি। শেষ পর্যন্ত ২০৮ স্ট্রাইক রেটে ৭১ বল থেকে ১৪৮ রান করে আউট হন তিনি। এছাড়া জো রুট ৮২ বল থেকে করেন ৮৮ রান। মরগান মূল ভূমিকায় থাকলেও বড় স্কোরে অবদান মূলত তিনজনেরই।

আফগান বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন গুলবাদিন নায়েব ও দাওলাত জাদরান।

চার ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের পথে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। গত দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে তারা। আজ আফগানিস্তানের বিপক্ষে জিততে পারলে অস্ট্রেলিয়াকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে ইংল্যান্ড। ফলে সেমিতে যেতে তাদের পথটা সহজ হয়ে যাবে।

ইত্তেফাক/কেআই