খাদ্য বহির্ভূত পণ্যে ব্যয় বেড়েছে
ইত্তেফাক রিপোর্ট
গেল মে মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৩ শতাংশে। আগের মাস এপ্রিলে এর হার ছিল ৫ দশমিক ৫৮ শতাংশ। এ সময়ে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমলেও খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে। এক মাসের ব্যবধানে সার্বিকভাবে পরিধেয় বস্ত্রাদি, আসবাবপত্র ও গৃহস্থালী পণ্য, চিকিত্সা সেবার খরচসহ পরিবহনের ব্যয় বেড়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর এ তথ্য জানা পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যানুযায়ী, মে মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৯ শতাংশে, যা আগের মাসে ছিল ৫ দশমিক ৫৪ শতাংশ। অন্যদিকে, মে মাসে দেশে সার্বিকভাবে খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৫ দশমিক ৮৪ শতাংশ, যা আগের এপ্রিল মাসে ছিল ৫ দশমিক ৬৪ শতাংশ।
মূল্যস্ফীতির গ্রাম ও শহরভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মে মাসে গ্রামীণ পর্যায়ে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৪৪ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৫ দশমিক ৪১ শতাংশ। এর মধ্যে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশে, যা এপ্রিলে ছিল ৫ দশমিক ৬৮ শতাংশ। অন্যদিকে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৫ দশমিক শূন্য ১ শতাংশ যা এপ্রিলে ছিল ৪ দশমিক ৮৯ শতাংশ।
