মোবাইল গ্রাহকদের ওপর নতুন করে চার্জ আরোপের সুযোগ নেই :বিটিআরসি

আপডেট : ১৮ জুন ২০১৯, ২১:২৪

মাহবুব শরীফ

‘একশ টাকা মোবাইল রিচার্জ থেকে ২৭ টাকা কর দিতে হবে গ্রাহকদের’ সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকাতে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিটিআরসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বিটিআরসি থেকে মোবাইল অপারেটরদেরকে বিভিন্ন সময়ে নানাবিধ নির্দেশনা প্রদান করা হয়েছে যা সমন্বিতভাবে একযোগে প্রকাশের প্রয়োজনীয়তা অনেকদিন থেকেই অনুভূত হয়ে আসছিল। তেপ্রক্ষিতে, গত ১৩ জুন ২০১৯ তারিখে ‘ডিরেক্টিভস অন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ইন বাংলাদেশ ২০১৯’ জারী করা হয়, যা গত আগস্ট ২০১৮ হতে অদ্যাবধি কমিশন কর্তৃক জারীকৃত সংশ্লিষ্ট সকল নির্দেশনার সমষ্টিগত সংকলন মাত্র।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ১৩ জুন ২০১৯ তারিখের নির্দেশনাটি নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় বিক্ষিপ্তভাবে যে খবরগুলো প্রকাশিত হচ্ছে, সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, বর্ণিত নির্দেশনা জারীতে গ্রাহকগণের ওপর নতুন করে চার্জ আরোপের কোন সুযোগ নেই।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এর মূল্য নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়াদির মধ্যে অন্যতম হচ্ছে সার্ভিসটি ‘রেভিনিউ জেনারেটিং ট্রান্সমিশন/ নন-রেভিনিউ জেনারেটিং ট্রান্সমিশন’ কিনা এবং টেলিকম সম্পদ (Telecom Resources)/নেটওয়ার্কের ব্যবহার। এ ব্যাপারে গত ১৪ অগাস্ট ২০১৮ তারিখে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের জন্য Session Based USSD Pricing প্রসঙ্গে বিটিআরসি (কমিশন) থেকে ‘সাকসেসফুল রেভিনিউ জেনারেটিং ট্রান্সমিশন’ ও ‘সাকসেসফুল নন-রেভিনিউ জেনারেটিং ট্রান্সমিশন’-এর প্রতিটি সেশনের জন্য মূল্য নির্ধারণ করে একটি নির্দেশনা প্রদান করা হয়েছিল যা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অপারেটরগণ কর্তৃক মোবাইল নেটওয়ার্ক অপারেটরদেরকে প্রদেয় যা বিগত প্রায় ১০ (দশ) মাস হতে চলমান রয়েছে। উল্লেখ্য,  মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অপারেটর এবং মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের প্রতিনিধিদের সমঝোতার ভিত্তিতে বর্ণিত মূল্য ধার্য্য করা হয়।   

জনসাধারণের জ্ঞাতার্থে আরও জানানো যাচ্ছে যে, ‘সাকসেসফুল রেভিনিউ জেনারেটিং ট্রান্সমিশন’ হলো সে সমস্ত ট্রানজেকশন যেখানে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অপারেটরগণের রেভিনিউ জেনারেট হয় (যেমন- ক্যাশ আউট, ক্যাশ ইন প্রভৃতি) ও ‘সাকসেসফুল নন-রেভিনিউ জেনারেটিং ট্রান্সমিশন’ হলো সে সমস্ত ট্রানজেকশন যেখানে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অপারেটরগণের রেভিনিউ জেনারেট হয় না (যেমন- ব্যালান্স চেক, পিন নম্বর পরিবর্তন প্রভৃতি)। উভয়ক্ষেত্রে আরোপিত প্রতি সেশনের মূল্য মোবাইল অপারেটরদের নেটওয়ার্ক ব্যবহার করার জন্য মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অপারেটরদের উপর প্রযোজ্য হচ্ছে।

পরিশেষে, কমিশনের পক্ষ থেকে আবারো জানানো যাচ্ছে যে, উক্ত নির্দেশনা জারীতে কোন গ্রাহক কোন ভাবেই ক্ষতিগ্রস্থ হবেন না।