প্রযুক্তি খাতে মানবসম্পদ উন্নয়নে কাজ করবে জাপানের ফুজিত্সু

আপডেট : ১৮ জুন ২০১৯, ২১:২৪

আরিফুর রহমান

বাংলাদেশের আইটি সেবা ও পণ্যসমূহ বিশ্ববাজারে সম্প্রসারণ, আইটি সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টি, জাপান ও বাংলাদেশি আইটি কোম্পানিসমূহের মধ্যে সহযোগিতা বৃদ্ধিসহ আরো কিছু ইস্যুতে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও ফুজিত্সু রিসার্চ ইনস্টিটিউট একযোগে কাজ করবে। সম্প্রতি হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই মর্মে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি এবং জাপান ফুজিত্সু রিসার্চ ইনস্টিটিউটের পক্ষে প্রেসিডেন্ট এবং রিপ্রেজেন্টেটিভ ডাইরেক্টর মি. শিনজো কাগাওয়া (Mr. Shingo Kagawa)।

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের মানবসম্পদকে উচ্চতর প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে ফুজিত্সু রিসার্চ ইনস্টিটিউট বিভিন্ন প্রশিক্ষণের আয়োজন করবে। এ সব প্রশিক্ষণের কোর্স কারিকুলামের মধ্যে থাকবে বিগডাটা, ডাটা সায়েন্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, আইওটি, রোবটিক্স, ব্লক চেইন, সাইবার সিকিউরিটি ইত্যাদি। এ সব প্রশিক্ষণ দেশের আইটি সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে ব্যাপক অবদান রাখবে। এ দক্ষ মানবসম্পদ বাংলাদেশ ছাড়াও জাপান এবং অন্যান্য দেশের ক্রমবর্ধমান আইটি ইন্ডাস্ট্রির চাহিদা পূরণে ভূমিকা রাখবে। এর ফলে আমাদের কর্মীদের দেশে বিদেশে কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। এতে উচ্চপ্রযুক্তি বিনিময়ের একটি সুযোগ সৃষ্টি হবে। এছাড়া ফুজিত্সু হাই-টেক পার্কগুলোতে বিদেশি বিশেষ করে জাপানি বিনিয়োগকারীদের আকৃষ্টকরণে কাজ করবে।

এ সমঝোতার আওতায় ফুজিত্সু আইটি ইঞ্জিনিয়ার, গ্র্যাজুয়েট, স্টার্ট-আপ এবং এন্টারপ্রিনারদের জন্য প্রশিক্ষণের পাশাপাশি অত্যাবশ্যকীয় সেমিনার, সিম্পোজিয়াম, ট্রেনিং এবং ওয়ার্কশপের পরিকল্পনা ও বাস্তবায়ন করবে। এছাড়াও বাংলাদেশে আইটি বিজনেস হাব সৃষ্টিতে বিনিয়োগকারীদের আকৃষ্টকরণে কাজ করবে ফুজিত্সু।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত মি. হিরোইয়াসু ইজুমি প্রমুখ উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক স্বাক্ষরের পরে ‘বাংলাদেশ- জাপান ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ইন আইসিটি সেক্টর’ শীর্ষক ডায়ালগে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, JETRO এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. দায়সুকা আরাই এবং ডাটা সফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম এবং বেসিসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির মডারেটর হিসেবে কাজ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রমের ওপরে প্রেজেন্টেশন দেন ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এন এম জিয়াউল আলম।

উল্লেখ্য, চলতি বছর জাপানে অনুষ্ঠিত ‘আইটি উইক-২০১৯’ এ বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষসহ বেসিস, বাক্য, বিসিএস এবং দেশের বেশ কিছু আইটি প্রতিষ্ঠান ও উদ্যোক্তারা অংশগ্রহণ করে। জাপানে বাংলাদেশি কোম্পানি বিজেআইটি ও ডাটাসফট সুনামের সঙ্গে কাজ করছে; যা ‘আইটি উইক-২০১৯’ এ ব্যাপকভাবে প্রশংসিত হয়।