বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশনের অনুবাদ সাহিত্য পুরস্কার প্রদান

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৩

বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন কর্তৃক অনুবাদ সাহিত্য পুরস্কার-২০২২ প্রদান করা হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্র অডিটোরিয়ামে এ পুরস্কার দেওয়া হয়। 

এ বছর আজীবন সম্মাননা পেয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সালেহা চৌধুরী। আর বর্ষসেরা বই বিভাগে শহীদুল জহিরকে অনুবাদ করে যৌথভাবে ভি রামস্বামী এবং শাহরোজা নাহরিন। ভি রামস্বামী ভারতীয় হলেও তিনি বাংলাদেশের সাহিত্য ইংরেজিতে অনুবাদে মনোনিবেশ করেছেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক, শিক্ষাবিদ, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মেক্সিকো ট্রান্সলেশন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট বহুভাষিক অনুবাদক আলেহান্দ্রা রামিরেজ অল্‌ভেরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট অনুবাদক খালিকুজ্জামান ইলিয়াস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট অনুবাদক আনিসুজ জামান, সংগঠনের সাধারণ সম্পাদক অনন্ত উজ্জ্বল এবং ভাইস প্রেসিডেন্ট শাহাব আহমেদ।

অনুষ্ঠানে বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন থেকে প্রকাশিত অনুবাদ পত্রিকা যুক্তস্বর’র তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। আগের দুটি সংখ্যা ছিল বিশ্বসাহিত্যের বাংলা অনুবাদ, আর এবারের সংখ্যাটি সমকালীন বাংলাদেশের ছোটগল্পের ইংরেজি অনুবাদ।

বাংলা ট্রান্সলেশন ফাউন্ডেশন গত বছর থেকে অনুবাদে এই পুরস্কারটি শুরু করেছে। দু’টি ক্যাটাগরিতে এর অর্থমূল্য এক লাখ ও পঞ্চাশ হাজার টাকা। প্রথমবার আজীবন সম্মাননা পেয়েছিলেন আলম খোরশেদ ও বর্ষসেরা বই বিভাগে রওশন জামিল।

ইত্তেফাক/এএএম

এ সম্পর্কিত আরও পড়ুন