লক্ষ্য এবার অলিম্পিক পদক

আপডেট : ১৮ জুন ২০১৯, ২১:২৯

স্পোর্টস রিপোর্টার

প্রথম বাংলাদেশি আর্চার হিসেবে অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের যোগ্যতা অর্জনের পর রোমান সানার লক্ষ্য এবার প্রতিযোগিতাটিতে পদক জয়। তবে এরজন্য আরও বেশি উন্নতি করতে হবে বলে জানিয়েছেন তিনি।

রোমান সানা নেদারল্যান্ডসে সদ্যসমাপ্ত আর্চারি বিশ্ব চ্যাম্পিয়নশিপের চতুর্থ পর্বে সেমিফাইনালে উঠেই দ্বিতীয় বাংলাদেশি খেলোয়াড় ও প্রথম বাংলাদেশি আর্চার হিসেবে অলিম্পিকে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেন। প্রথমজন হলেন গলফার সিদ্দিকুর রহমান।

আর্চার রোমান সানা অবশ্য শেষ চারে উঠেই থেমে থাকেননি। খুলনার এই খেলোয়াড় ইতালির মাউরো নেসপোলিকে হারিয়ে ব্রোঞ্জও জেতেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে। 

এমন অর্জনের পর অভিনন্দনের সাগরে ভাসছেন রোমান। গতকাল সকালে তাকেসহ বাংলাদেশ আর্চারি দল দেশে ফিরলে তাদের বরণ করে নিতে বিমান বন্দরে ছুটে যান ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

এরপর সংবর্ধনা অনুষ্ঠানে আর্চারি ফেডারেশন তো বটেই, সানাকে অভিনন্দন জানায় অলিম্পিক অ্যাসোসিয়েশন, জাতীয় ক্রীড়া পরিষদ, জিমন্যাস্টিকস, উশু, হ্যান্ডবল, ভলিবল ফেডারেশনসহ দেশের অন্য ক্রীড়া সংগঠনগুলোও। অনুষ্ঠানটিতে আর্চারির পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান তীর পুরস্কারস্বরূপ দুই লক্ষ টাকার চেক তুলে দেন সানার হাতে।

বাংলাদেশি এই আর্চার অবশ্য এখানেই থেমে থাকতে চাইলেন না। সানা জানান, এবার অলিম্পিক পদকে নজর তার। তিনি বলেন, ‘আমার সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে অলিম্পিক। একজন খেলোয়াড়ের সবচেয়ে বড় স্বপ্ন থাকে অলিম্পিক পদক জয়। সেটা আমারও অবশ্যই। তবে এর জন্য এখন যে পরিমাণ পরিশ্রম করছি তার চেয়েও কঠোর পরিশ্রম করতে হবে। অলিম্পিক পদক জয় করতে হলে আগে সেটার যোগ্য করে তুলতে হবে নিজেকে। আর তাই আমাকে এখন থেকেই প্রস্তুতি নেয়া শুরু করতে হবে।’

নিয়মিত টুর্নামেন্ট খেলাকে অলিম্পিকে ভালো করার পূর্বশর্ত মানছেন তিনি। সানার ভাষায়, ‘অলিম্পিকের আগে যতগুলো টুর্নামেন্ট আছে সবগুলো যদি খেলতে পারি তবে অলিম্পিকে ভালো করতে পারবো বলে আশা রাখি।’

টোকিও অলিম্পিকের পথে ধাপে ধাপে এগোতে চান কোচ মার্টিন ফ্রেডেরিখ। জার্মান এই কোচ বলেন, ‘আমরা মাত্রই দেশে এসে নামলাম। আমাদেরকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের পারফর্মেন্স বিশ্লেষণ করতে দিন। সেখানকার ইতিবাচক ব্যাপারগুলোকে বিশ্লেষণ করতে হবে অবশ্যই। সেটাকে স্থিতিশীল করতে পদক্ষেপ নিতে হবে আমাদের। এভাবেই আমরা টোকিওর জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো।’

 কোচ মার্টিন আরো বলেন,‘আগস্টে টোকিওতে একটা পরীক্ষামূলক প্রতিযোগিতা আছে। সানাকে সেখানে খেলানোর জন্য চেষ্টা করবো। সেটা হলে ভালোই হবে। আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং প্রতিযোগিতামূলক অনুশীলন করতে হবে।’