সঠিক একাদশের খোঁজে অস্ট্রেলিয়া

আপডেট : ১৮ জুন ২০১৯, ২১:২৯

স্পোর্টস রিপোর্টার

চার জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবচেয়ে ভালো অবস্থায় আছে অস্ট্রেলিয়া। তারপরও দলটির সহকারী কোচ ব্রাড হাডিন বলছেন, তারা এখনও দলটির সেরা একাদশ খুঁজে বেড়াচ্ছেন।

অস্ট্রেলিয়ার সেরা একাদশ খুঁজে পাওয়ায় একটা বড় সমস্যা হলো মার্কাস স্টোয়নিসের ইনজুরি। এই চোটের ফলে অস্ট্রেলিয়ার একাদশে ভারসাম্যটা নষ্ট হয়ে গেছে বলে মনে করেন হাডিন, ‘এই মুহূর্তে আমরা আমাদের সেরা একাদশ খুঁজে বের করার চেষ্টা করছি। মার্কাস ইনজুরিতে পড়ে আমাদের বিপদে ফেলে দিয়েছে। এখন বোঝা যাচ্ছে, সে কতো গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। আমরা এখনও এটা বের করার চেষ্টা করছি যে, কোনটা আমাদের জন্য ভালো কাজে দেয়। টুর্নামেন্টের শেষের দিকে এসে আমরা বুঝতে পারবো যে, কোন ধরনের কন্ডিশনে আমাদের কোন ধরনের একাদশ ভালো কাজ করে।’ অস্ট্রেলিয়া যতই জয়ের ধারায় থাকুক না কেনো, তারা এখনও খুব ভালো পারফরম করতে পারছে বলে হাডিন মনে করেন না। তিনি মনে করেন, তাদের আরও উন্নতি করা দরকার, ‘খেলোয়াড়রা এটা বুঝতে পারছে। তারা এটা মাথায় রেখেই অনুশীলন করছে। আমি মনে করি, এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার যে, আমরা ম্যাচ জিতছি। কিন্তু আমরা এখনও আমাদের খেলার সঠিক ছন্দটা খুঁজে পাইনি। এটা সামনে এগোনোর জন্য একটা বিপজ্জনক ইঙ্গিত।’

অস্ট্রেলিয়া আসলে একটা মধুর সমস্যায় ভুগছে। তাদের টপ অর্ডারের বেশ কয়েকজন ব্যাটসম্যানকে মিডল অর্ডারে খেলতে হচ্ছে। বিশেষ করে উসমান খাজাকে তার চেনা টড অর্ডার ছেড়ে পাকিস্তানের বিপক্ষে ৬ নম্বরেও ব্যাট করতে হয়েছে। তারা দল হিসেবে ওপেনারদের আউট হওয়ার পর বাহাতি ও ডানহাতি সমন্বয় ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু নিচের দিকে খেলতে গিয়ে খাজা এখনও নিজেকে মানিয়ে নিতে পারেননি।

তবে হাডিন বলছেন, খাজা যে চেষ্টা করছেন, তাতে টিম ম্যানেজমেন্ট সন্তুষ্ট। তিনি বলছিলেন, ‘সে ভিন্ন একটা ভূমিকা পালন করার চেষ্টা করছি। এমন না যে, সে সাফল্য পাচ্ছে না। সে আসলে খুব বেশি সুযোগ পাচ্ছে না। আগে সে মাঠে গিয়ে ইনিংসের গতি ঠিক করে দিতে পারতো। এখন ইনিংস তার গতি ঠিক করে দিচ্ছে। সে নতুন এই ভূমিকায় স্বচ্ছন্দ আছে। সে একজন মানসম্পন্ন খেলোয়াড়। সে যা করছে, আমরা তাতে বেশ খুশি।’