সুনামগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ

আপডেট : ১৮ জুন ২০১৯, ২১:৪০

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমীতে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

জেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে পঞ্চাশ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে হিজরা জনগোষ্ঠীকে। অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্মকর্তা সুচিত্রা রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের চিকিত্সক তানজিল হোসেন, শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন কর্মকর্তা শাহ মো. শফিউর রহমান। প্রশিক্ষণ কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পঞ্চাশ জন হিজড়া প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের প্রথম দশ দিন সরকার চলমান বিভিন্ন কর্মসূচি সম্পর্কে অবহিতকরণ এবং পরবর্তী চল্লিশ দিন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে সবাইকে।

মাছের পোনা অবমুক্ত

এদিকে সদর উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে দেখার হাওর ও পৌর এলাকার রিভারভিউয়ে সুরমা নদীতে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল হোসেন, জেলা মত্স্য কর্মকর্তা মো. আমিনুল হক, সদর উপজেলা মত্স্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস প্রমুখ। এ ব্যাপারে সদর উপজেলা মত্স্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস জানান, সদর উপজেলার দেখার হাওর ও সুরমা নদীতে ২৭৮ কেজি রুই, কাতল, কালিবাউস ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।