দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
দামুড়হুদার দর্শনা পৌরসভার ৫২ লাখ টাকার উপরে বিদ্যুত্ বিল বকেয়া পড়েছে। মঙ্গলবার মেহেরপুর পল্লী বিদ্যুত্ সমিতির (জিএম) স্বাক্ষরিত চিঠি দিয়ে পৌরসভাকে জানানো হয়েছে যে, আগামী ১০ দিনের মধ্যে বিল পরিশোধ না করলে সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
পল্লী বিদ্যুতের দামুড়হুদা-জীবননগর ও দর্শনা পৌর এলাকার দায়িত্বে থাকা (এজিএম) অমিত দাস জানান, এ পর্যন্ত দর্শনা পৌরসভার মোট ৫২ লাখ ২৮ হাজার ৮৩৬ টাকা বিদ্যুত্ বিল বকেয়া পড়েছে। ইতোমধ্যে বেশ কয়েকবার বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) যুগ্ম সচিব কর্তৃক জরুরি ভিত্তিতে বিল পরিশোধের জন্য চিঠি দিলেও দর্শনা পৌর কর্তৃপক্ষ বিল দেয়নি বা পল্লী বিদ্যুত্ অফিসের সঙ্গে যোগাযোগ করেনি। সর্বশেষ মঙ্গলবার মেহেরপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) নুর মোহাম্মদ স্বাক্ষরিত আরো একটি চিঠি দর্শনা পৌরসভা বরাবর পাঠানো হয়েছে। যাতে বলা হয়েছে, চিঠি দেওয়ার ১০ দিনের মধ্যে বকেয়া বিল পরিশোধ করতে হবে। অন্যথায় সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
দর্শনা পৌরসভার প্যানেল মেয়র-১ রবিউল হক সুমন জানান, বিল কিছুটা দেওয়া হয়েছে। বাকিও পড়েছে। তা পর্যায়ক্রমে দেওয়া হবে।
