ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
গজনী বিনোদন কেন্দ্রের বিধ্বস্ত লেক সংস্কার কাজ শুরু হয়েছে। প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে এ লেকের সংস্কার কাজ করা হয়।
গারো পাহাড়ের সৌন্দর্যকে ঘিরে ১৯৯৩ সালে জেলা প্রশাসনের উদ্যোগে ঝিনাইগাতী উপজেলার গজনীতে গড়ে তোলা হয় বিনোদন কেন্দ্রটি। নাম রাখা হয় গজনী অবকাশ বিনোদন কেন্দ্র। শুরুতেই সারাদেশ থেকে আসতে শুরু করে ভ্রমণ বিলাসী। মুখরিত হয়ে উঠে বিনোদন কেন্দ্রটি। বিনোদন কেন্দ্রের লেকে চলতো পঙ্খীরাজ নৌকা ও প্যাডেল বোট। লেকে ভাসমান পঙ্খীরাজ নৌকায় চলতো আগত ভ্রমণ বিলাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ধরনের খেলাধুলা। এ লেকটি ছিল বিনোদন কেন্দ্রের প্রাণ।
জানা গেছে, ২০১৪ সালে উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলের পানির তোড়ে লেকটি বিধ্বস্ত হয়। কিন্তু লেকটি আর সংস্কার করা হয়নি। ফলে বিনোদন কেন্দ্রের প্রাণ হারাতে বসে। ভ্রমণ বিলাসীদের আগমনও হ্রাস পেতে শুরু করে। এ নিয়ে গত ১০ জানুয়ারি দৈনিক ইত্তেফাক পত্রিকায় ‘‘সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে গজনী বিনোদন কেন্দ্রের” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এতে দৃষ্টিগোচর হয় প্রশাসনের। পরে জেলা প্রশাসন আনার কলি মাহবুব লেক সংস্কার কাজ হাতে নেন। গত মাসে শুরু হয়েছে লেকটির সংস্কার কাজ। এখন পুরোদমে চলছে কাজ।
জেলা প্রশাসক আনার কলি মাহবুব বলেন, লেকটি সংস্কার হলে আবারো ফিরে পাবে বিনোদন কেন্দ্রের প্রাণ। আগামী শীত মৌসুমের আগেই লেক সংস্কারের পাশাপাশি সুপেয় পানির ব্যবস্থাসহ বিনোদন কেন্দ্রের সৌন্দর্য আরো বৃদ্ধি করা হবে। তিনি সারাদেশের ভ্রমণ বিলাসীদের এ বিনোদন কেন্দ্রে আসতে আহ্বান জানান।
