থানচিতে চাঁদের গাড়ি খাদে নিহত দুই, আহত চার

আপডেট : ১৮ জুন ২০১৯, ২১:৪৪

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলায় চাঁদের গাড়ি খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এ সময় আরো ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বলিপাড়া ইউনিয়নের জীবননগর এলাকায় সিমেন্ট বোঝাই একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়। নিহতরা হলেন— ব্যবসায়ী সন্তোষ চাকমা (৩৯) এবং শ্রমিক মোহাম্মদ কালাম (২৪)। আহতদের তাত্ক্ষণিকভাবে নাম জানা যায়নি।

বলিপাড়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জিয়া অং মারমা বলেন, জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। ঘটনাস্থলেই ২ জন মারা গেছে।

ঘটনাটি নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়রুল হক জানান, সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছে। হতাহতদের উদ্ধার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।