দিনাজপুর অফিস ও বিরামপুর সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমানের নেতৃত্বে মাদক-বিরোধী অভিযানে সবজি বাগান থেকে ৩২টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান ও ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক থানা পুলিশের সহায়তায় মঙ্গলবার উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর বাজার সংলগ্ন নন্দনপুর গ্রামের রবিউল ইসলামের সবজি বাগান থেকে এ গাছগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় তাত্ক্ষণিকভাবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
থানার ওসি সুব্রত কুমার সরকার গাঁজার গাছ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় রবিউল ইসলামের নামে মামলা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে গাঁজার গাছগুলো উদ্ধার করা হয়েছে।
