হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় সোমবার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে স্কুল থেকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার জন্য কুমেক হাসপাতালে পাঠিয়েছে। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সোমবার রাতে চারজনকে আসামি করে হোমনা থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তাত্ক্ষণিক পুলিশ আবু সালেহ নামে একজনকে গ্রেফতার করেছে।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঐ ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে একই গ্রামের জালাল মিয়া প্রেম নিবেদনসহ উত্ত্যক্ত করত। দীর্ঘদিন প্রেম নিবেদনের এক পর্যায়ে বন্ধুত্ব হলে জালাল তাকে ধর্ষণ করে। ওই ছাত্রীর পরিবার বিষয়টি জানার পর ধর্ষকের পরিবারকে জানায়। কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি। লোকলজ্জার ভয়ে মেয়েটির পরিবার তখন থানায় জানায়নি। এদিকে সোমবার ঐ ছাত্রীকে স্কুল থেকে ডেকে পাশে নিজ বাড়িতে নিয়ে আবার ধর্ষণ করে। জালালের বন্ধু আবু সালেহ ঐ সময় পাহারা দেয়। এ সময় ওই ছাত্রীর চিত্কারে তার মা-বাবাসহ স্থানীয় লোকজন ছুটে আসলে জালাল পালিয়ে যায়।
হোমনা থানার ওসি সৈয়দ মো. ফজলে রাব্বি জানান, ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তাত্ক্ষণিক একজনকে গ্রেফতার করেছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে।
তবে ধর্ষকের বাবা মুফতি নূরুজ্জামান বলেন, ধর্ষণের ঘটনা সম্পূর্ণ সাজানো নাটক।
