চুরির অভিযোগে ৩ শিশু শিক্ষার্থীকে নির্যাতন: গ্রেপ্তার ২

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চুরির অপবাদ দিয়ে ৩ শিশুকে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) নির্যাতনের শিকার শিশু তাউসিফের বাবা রমজান বাদী হয়ে গোপালদী পৌরসভার মেয়র আবদুল হালিম শিকদারসহ ৪ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় মামলাটি দায়ের করেন। এদিকে মামলা দায়েরের পরেই পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় ২ জনকে গ্রেপ্তার করেছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, নরসুন্দর উৎপল শীল ও দ্বীপক শীল। তাদের বাড়ি রামচন্দ্রদী গ্রামে। তবে মামলায় এজাহারভুক্ত মেয়র আবদুল হালিম শিকদারকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ। যদিও মেয়র হালিম সিকদার এলাকাতেই রয়েছে বলে একাধিক সূত্র দাবি করেছে। 

মঙ্গলবার জেলা প্রশাসনের তাৎক্ষণিক নির্দেশে স্থানীয় সরকার শাখার উপসচিব আনোয়ার হোসাইন ঘটনার তদন্ত করতে আড়াইহাজার যান। সেখানে তিনি ঘটনার জন্য অভিযুক্ত মেয়র, ঘটনার শিকার শিশুদের পরিবার, ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন। এবং ঘটনাস্থলগুলো সরেজমিনের পরিদর্শন করেন। 

মামলা সূত্রে জানা যায়, প্রত্যক্ষদর্শীরা জানায়, ভুক্তভোগী তিন শিশু শিক্ষার্থী সকালে মক্তবে যাওয়ার পথে মেয়র হালিম সিকদারের মালিকাধীন সিকদার সাইজিংয়ের সামনে পড়ে থাকা কয়েকটি নাট-বল্টু কুড়িয়ে খেলা করছিল। এ সময় মেয়র লোকজন নিয়ে কুড়িয়ে পাওয়া ওই নাট-বল্টু চুরির অভিযোগে তাদের আটক করে এবং হাত বেঁধে মারধর করেন। একপর্যায়ে এক শিশু শিক্ষার্থীর চাচা শিশুদের পক্ষে নির্যাতন না করার জন্য অনুরোধ করলেও নির্যাতন থেকে রক্ষা করতে পারেনি। আশপাশে অনেক লোক জড়ো হয়। পরে রামচন্দ্রদী বাসস্ট্যান্ডে এনে তাদের মাথার চুল কেটে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়। 

মেয়র হালিম সিকদার বলেন, ঘটনাটি ছিলো ভুল বুঝাবুঝি। পরে মীমাংসা হয়ে গেছে। 

আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার বলেন, এ ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ২ আসামি গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ইত্তেফাক/পিও