পার্কিং সুবিধা ছাড়া শপিং মল!

আপডেট : ১৮ জুন ২০১৯, ২১:৫৭

রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ মোড় থেকে শ্যামলী যাওয়ার পথে অনেকগুলো মার্কেট ও শপিং মল রয়েছে। এগুলোতে প্রতিদিন শত শত লোক কেনাকাটার জন্য আসেন। সমস্যা হয় তাঁদের, যাঁরা প্রাইভেট কার নিয়ে আসেন। বেশিরভাগ মার্কেটের অবস্থান গ্রাউন্ড ফ্লোরে। যেখানে রাজউকের অনুমোদন আছে পার্কিংয়ের জন্য। অথচ পার্কিংয়ের জায়গায় সেখানে প্রকাশ্যে মার্কেট বানিয়ে ব্যবসা করা হচ্ছে। আর ক্রেতারা রাস্তার ওপর প্রাইভেট কার রাখায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে যানজট। বিশেষ করে মোহাম্মদপুরের শিয়া মসজিদ মোড় থেকে শ্যামলী যাওয়ার পথে প্রিন্স বাজারের দুটো শোরুম আছে। সেগুলো গ্রাইন্ড ফ্লোর থেকে শুরু। পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই। অন্যদিকে কৃষি মার্কেটের সামনে প্রিন্স বাজারের শোরুমের উলটোদিকে টোকিও স্কয়ার শপিং মলের রয়েছে আলাদা পার্কিংব্যবস্থা। ফলে সেই বিশাল মার্কেটের সমানে নেই যানজট। গেল ঈদুল ফিতরের আগে প্রিন্স বাজারের কৃষি মার্কেটের সামনের শোরুমে পার্কিং করার কারণে অনেকগুলো প্রাইভেট কারকে ট্রাফিক পুলিশ জরিমানা করেন এবং কিছু প্রাইভেট কারকে রেকারের মাধ্যমে উঠিয়ে নিয়ে যান। কিন্তু প্রিন্স বাজার কর্তৃপক্ষ বিষয়টির প্রতি তোয়াক্কা না করায় রাস্তার ওপর গাড়ি রাখা হচ্ছে, যা নিয়মিত সৃষ্টি করে চলেছে যানজট। তাই এইরকম শপিং মলে পার্কিংব্যবস্থা বাধ্যতামূলক করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।  

সোয়েব মেজবাহউদ্দিন, নবদয় হাউজিং, মোহাম্মদপুর, ঢাকা