আমার শিক্ষাপ্রতিষ্ঠান কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাবার সময় অধিকাংশ সময়ই আমি রেলপথ ব্যবহার করি। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশনে যাবার পথে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনে রেলের ইঞ্জিন পরিবর্তন করা হয়। প্রায় ২০ মিনিটের এই যাত্রাবিরতির সময় যাত্রীরা হালকা নাস্তা সেরে নেন। একদিন যাত্রাপথে আমি কোহিনূর বেকারির দুই প্যাকেট পাউরুটি কিনি। সেটা খাবার পরে হঠাত্ পেটে ব্যথা অনুভব করি। এরপর হঠাত্ সেই পাউরুটির প্যাকেটে আমার চোখ পড়ে। তাতে দেখি কেবলমাত্র পাউরুটি তৈরির প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা দেওয়া আছে। কিন্তু উত্পাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ খুঁজে পাইনি। ভোক্তা অধিকার ও খাদ্যে ভেজাল নিয়ে কাজ করে ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছিলাম এবং শিখেছিলাম কোনো পণ্যের মোড়কে উত্পাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ কিংবা খুচরা মূল্য উল্লেখ না থাকলে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’ অনুসারে সেটি শাস্তিযোগ্য অপরাধ এবং এর সাজা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা বা ১ বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। আমি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ইমেইল [email protected] ঠিকানায় আমার নাম-ঠিকানা, মোবাইল নম্বর, অভিযোগের বিবরণ, অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা এবং পাউরুটির মোড়কের একটি ছবি সংযুক্ত করে পাঠাই। অভিযোগ দায়ের করার পরে শুনানির জন্য আমাকে ও সেই অভিযুক্ত বেকারির মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে উপস্থিত হতে বলা হয়। শুনানি চলাকালে অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিক তার অপরাধ স্বীকার করেন এবং পরবর্তী সময়ে এই রকম না হবার জন্য প্রতিশ্রুতি দেন। পাবনা জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক তাকে সতর্ক করে নামমাত্র ৪ হাজার টাকা জরিমানা এবং ভোক্তা অধিকার আইন-২০০৯ মোতাবেক আমাকে সেই অর্থদণ্ডের ২৫ শতাংশ অর্থাত্ এক হাজার টাকা প্রদান করেন। এরপর থেকে শুধু সেই বেকারি নয়; পাবনা জেলার সকল বেকারি কোম্পানি পাউরুটি কিংবা কেকের মোড়কে উত্পাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য উল্লেখ করে। আমার একটি অভিযোগের ফলে যদি পুরো পাবনা জেলার চিত্র পরিবর্তন হতে পারে, আমাদের শিক্ষিত সমাজের একটু সচেতনতা পুরো দেশের চিত্র বদলে দিতে পারে। আসুন আমরা নিজেদের জায়গা থেকে সচেতন হই, অন্যকে সচেতন করি।
মো. আখতার হোসেন আজাদ
শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
