ইত্তেফাক রিপোর্ট
সাত দেশের নাট্য দলের অংশ গ্রহণে ঢাকায় কাল বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোত্সব’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য এ উত্সবে বাংলাদেশের দুইটি এবং রাশিয়া, চিন, ফ্রান্স, ভারত, ভিয়েতনাম ও নেপালের একটি করে নাট্যদল অংশ নিচ্ছে। সাতটি মঞ্চনাটক ও একটি নৃত্যনাট্যের পাশাপাশি এ উত্সবে থাকবে একটি আন্তর্জাতিক নাট্য সেমিনার। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে বিনামূল্যে নাট্যপ্রেমীরা এ উত্সবের নাটকগুলো উপভোগ করতে পারবেন। উত্সব বাস্তবায়ন করবে শিল্পকলা একাডেমি ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট- আইটিআই বাংলাদেশ কেন্দ্র এবং সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সকল তথ্য জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল, ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট- আইটিআইয়ের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ। উত্সবের সূচি ঘোষণা করেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ। কে এম খালিদ বলেন, এবারই প্রথমবারের মতো সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় একটি আন্তর্জাতিক নাট্যোত্সবের আয়োজন করছে।
সম্মেলনে জানানো হয়, উত্সবের উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রধান অতিথি থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। উদ্বোধনী সন্ধ্যায় বাংলাদেশের ধৃতি নর্তনালয় মঞ্চস্থ করবে নৃত্যনাট্য ‘মায়ার খেলা’। শুক্রবার ফ্রান্সের থিয়েটার দ্য ভিদে লুসান এবং ইয়ং ভিক লন্ডন ‘ও মাই সুইট ল্যান্ড’ ও ভারতের কোরাস রেপার্টারি থিয়েটার ‘ম্যাকবেথ’, শনিবার বাংলাদেশের অন্বেষা থিয়েটার ‘জয়তুন বিবির পালা’, রবিবার চিনের জোহো থিয়েটার ‘এফ সিকে’, সোমবার নেপালের মান্ডালা থিয়েটার ‘ঝিয়ালঞ্চা’, মঙ্গলবার ভিয়েতনামের লে নক থিয়েটার ‘কিম তু’ এবং বুধবার সমাপনী দিনে রাশিয়ার নিকোলাই জাইকভ থিয়েটার ‘লাইট পাপেট শো’ মঞ্চস্থ করবে। প্রতিটি নাটকই শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এর পাশাপাশি রবিবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘আন্তর্জাতিক, জাতীয় ও ব্রাত্যজননীন থিয়েটারের পারস্পরিক বিনিময়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।
