দুই স্পিডবোটের সংঘর্ষে ছয় প্রাণহানি 

নিহতদের কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩০

ফরিদপুরের চরভদ্রাসনে পদ্মা নদীতে দুই স্পিড বোট সংঘর্ষে ছয়জনের প্রাণহানির ঘটনায় প্রত্যেকের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, স্পিডবোটগুলোর ওপর বিবাদীদের কোনো নিয়ন্ত্রণ নাই। যদি নিয়ন্ত্রণ থাকত তাহলে ঘন কুয়াশার মধ্যে এভাবে যাত্রী বোঝাই করে বোটগুলো ঘাট ছেড়ে যেতে পারত না। ফলে এর দায়দায়িত্ব তাদের নিতে হবে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) মানবাধিকার সংস্থা ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে আইনজীবী মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব ও মোহাম্মদ কাওসার ডাকযোগে এই নোটিশ পাঠান।

নৌপরিবহন সচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা ও ফরিদপুরের জেলা প্রশাসক, চরভদ্রাসন ও দোহার উপজেলার নির্বাহী অফিসার বরাবর এ নোটিশ পাঠানো হয়। নোটিশপ্রাপ্তির তিন দিনের মধ্যে বিবাদীদের ক্ষতিপূরণের অর্থ প্রদান করতে বলা হয়েছে। 

নোটিশে নদী পারাপারে যাত্রীদের বীমার আওতায় এনে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনায় সেখান থেকে অর্থ দেওয়া এবং সংঘটিত দুর্ঘটনাটি তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অনুরোধ করা হয়েছে। যদি এ বিষয়ে ব্যবস্থা নেওয়া না হয় তাহলে হাইকোর্টে রিট করা হবে বলে জানান আইনজীবী পল্লব।

ইত্তেফাক/এমএএম