রাজধানীর কল্যাণপুরে রাজিয়া পেট্রোলপাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকাল সোয়া ৫টার দিকে ওই পাম্পের একটি তেলের ট্যাংকারে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুন পাম্পের মূল ট্যাংকারে ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, একটি তেলের ট্যাংকার থেকে পাম্পে তেল নামানোর সময় হঠাত্ ট্যাংকারটিতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পাম্পের প্রায় অর্ধেক অংশ জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। এ সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মিরপুর সড়কের গাবতলীমুখী অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকাল ৫টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। পাম্পের বড় ধরনের ক্ষতি হয়নি।
