ঘাপটি মেরে বসে থাকলেও ষড়যন্ত্র থেমে নেই :নাসিম

আপডেট : ১৮ জুন ২০১৯, ২২:২৩

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, ঘাপটি মেরে বসে থাকলেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। কোনো রাজনৈতিক দল যদি চুপচাপ বসে থাকে, মনে রাখতে হবে এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে। কোনো ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রা দমিয়ে রাখা যাবে না। দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। কোনো নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করা হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার ওপর তাগিদ দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, তরুণ ও প্রবীণের সমম্বয়ে দলকে আরো সুসংগঠিত করতে হবে। দল সংগঠিত না থাকলে অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। তাদের চক্রান্তে হেরে যেতে হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপশক্তির কোনো চক্রান্তে হেরে গেলে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হবে। তাই সবার সতর্ক থাকতে হবে।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় দলের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বক্তব্য রাখেন। এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিনসহ দলের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।