মোটরসাইকেল দুর্ঘটনায় বগুড়ার ২ বন্ধু নিহত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৫

বগুড়ার শেরপুরে মোটরসাইকেলের দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় তাদের আরেক বন্ধু গুরুতর আহত হন। শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের বোয়ালমারি (ভস্তার বিল) এলাকায় শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর বালাপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে তানজিদ হাসান (২০) ও পার্শ্ববর্তী কুসুম্বী ইউনিয়নের বাগড়া গ্রামের তারেক হাসানের ছেলে রিফাত সিদ্দিকী (২৩)।

আহত মেজবাহ উদ্দীন (২০) একই ইউনিয়নের পাকুরিয়া পাড়া গ্রামের মাহফুজুর রহমানের ছেলে।

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন জানান, শুভগাছা গ্রামে বিয়ের দাওয়াত খেতে গিয়েছিলেন তারা। এরপর মোটরসাইকেলে বেড়ানোর জন্য ধুনটে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে বোয়ালমারি (ভস্তার বিল)এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বেইলি ব্রিজের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু ছিটকে পড়েন। এর মধ্যে একজন খালের পানিতে ডুবে একজন নিখোঁজ হন।

পরে খবর পেয়েই স্থানীয় লোকজনের সহযোগিতায় নিখোঁজ যুবকসহ আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তানজিদ ও রিফাতকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত মেজবাহ উদ্দীন হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, আইনী প্রক্রিয়া শেষে দুর্ঘটনায় নিহতদের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/আরএজে