ভারতের মুম্বাইয়ে দীর্ঘ ১৫ বছর ধরে পলাতক এক আসামিকে সোনার দাঁত দেখে শনাক্ত করে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারি) ৩৮ বছর বয়সী প্রতারক পারভিন আশুবা জাদেজাকে গ্রেপ্তার করা হয়। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, 'অভিযুক্ত জাদেজা নিজের পরিচয় পরিবর্তন করে গুজরাটের কুটছ শহরে থাকছিল। বিভিন্ন সময়ে নিজের নাম পরিবর্তন করে পারভিন সিং ও প্রদীপ সিং রাখেন তিনি। এছাড়া অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা ও পুলিশকে বিভ্রান্ত করার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের কয়েকদিন পরেই জাদেজা আদালত থেকে জামিন পায়। তবে পরে আর আদালতে হাজিরা দেননি তিনি। অবশেষে তাকে পলাতক ঘোষণা করা হয় বলে জানায় পুলিশ।
মুম্বাই পুলিশ এক বিবৃতিতে জানায়, ২০০৭ সালে কাপড়ের দোকানে কাজ করতো জাদেজা। দোকানের মালিক ৪০ হাজার রুপি আনতে আরেক ব্যবসায়ীর কাছে তাকে পাঠান। ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া অর্থ হারিয়ে যাওয়ার কথা বলেন তিনি। এ ঘটনায় মালিক মামলা করলে জিজ্ঞাসাবাদে পুলিশকে বিভ্রান্তিকর তথ্য দেয়। অনুসন্ধানের পর জানা যায়, ওই অর্থ নিজের কাছে রেখেছিল জাদেজা।
