বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মেলা

আপডেট : ১৮ জুন ২০১৯, ২২:৩৪

বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দু’দিনব্যাপী পরিবেশ উত্সব, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সনদ বিতরণসহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সম্মিলিত পরিবেশ দিবস উদযাপন পর্ষদ বরিশাল শাখার আয়োজনে অশ্বিনী কুমার টাউন হলে এর উদ্বোধন করেন বিসিসি মেয়র পত্নী লিপি আবদুল্লাহ। বরিশাল বেসরকারি উন্নয়ন সংগঠক শুভংকর চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. সৈয়দ হাবিবুর রহমান, বরিশাল শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, আইসিডি নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ, সচেতন নাগরিক কমিটি জেলা সভাপতি প্রফেসর (অব) শাহ সাজেদা প্রমুখ। অন্যদিকে পরিবেশ রক্ষার দাবিতে আজ বুধবার অশ্বিনী কুমার টাউন হল চত্বরে মানবন্ধন ও জেলা প্রশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে। মেলায় বিভিন্ন উন্নয়ন সংগঠনসহ ১০টি স্টল অংশ গ্রহণ করে।

বিড়ি শ্রমিকদের মানববন্ধন

এদিকে বাজেটে বিড়ি শিল্পের ওপর আরোপিত সকল কর বৃদ্ধির প্রস্তাব বাতিলসহ বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণাসহ ৮ দফা দাবিতে বিড়ি শ্রমিকরা মানববন্ধন করেছেন। গতকাল অশ্বিনী কুমার হলের সামনে জেলা বিড়ি শ্রমিক ফেডারেশন ও কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়নের  উদ্যোগে এ মানববন্ধন হয়।