চট্টগ্রাম জেলার রাউজানের হাজার হাজার ঘরছাড়া ধর্মপ্রাণ মানুষের জানমালের নিরাপত্তা বিধান এবং চলমান নারকীয় তাণ্ডবলীলা বন্ধে মুনিরীয়া যুব তবলীগ কমিটি সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন সকলের সহযোগিতা কামনা করেছেন। গতকাল জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মুনিরীয়া যুব তবলীগ কমিটির কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুর লিখিত বক্তব্যে বলেন, একটি বিচ্ছিন্ন ঘটনাকে ইস্যু করে এপ্রিল মাসে রাউজানে শুরু হওয়া নারকীয় তাণ্ডবলীলায় পুরো রাউজান অশান্ত জনপদে পরিণত হয়। তাছাড়া মুনিরীয়া যুব তবলীগ কমিটিকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চেষ্টা অব্যাহত রয়েছে। অথচ মুনিরীয়া যুব তবলীগ কমিটির সঙ্গে সম্পৃক্ত অধিকাংশ লোকজন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। কিছু দুষ্কৃতকারী বোল পাল্টে নিজস্ব স্বার্থ সিদ্ধির মানসে স্থানীয় এমপির নিজস্ব বাহিনীর ছত্রছায়ায় এ সকল ভাঙচুরসহ বিশৃঙ্খলায় অংশগ্রহণ করছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সরওয়ার কামাল, মুনিরীয়া যুব তবলীগের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সম্পাদক ছিবগাতুল্লাহ আরিফ, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ শহিদুল আলম, ঢাকা জেলার এশায়াত সম্পাদক মাওলানা রাকিব উদ্দীন প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
