সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে মোস্তফা ফারুকির নির্মিত সিনেমা প্রদর্শনী শেষে শনিবার বিকেল ফারুকি ও তিশার সম্মানে মঞ্চায়িত হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত মঞ্চনাটক ‘লিভ মি অ্যালন’। সিডনির ওয়াইলিপার্কের অ্যাম্ফিথিয়েটারে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় নাটকটি মঞ্চায়িত হয়।
প্রদর্শনী শেষে ফারুকি ও তিশা প্রবাসের শত ব্যস্ততায় নাটক মঞ্চায়নের এই উদ্যোগকে অভিনন্দন জানিয়ে বলেন, নাটকের প্রতি ঐকান্তিক ভালোবাসা থাকলেই কেবল নাটকপাগল মানুষের পক্ষে এই ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো সম্ভব।
নাটক শেষে আলাপন থিয়েটারের পক্ষ থেকে জন মার্টিন ও গোলাম মোস্তফা একসময়ের বাংলাদেশের বহুল পরিচিত অভিনেত্রী রেহানা জামানকে তার অভিনয় জীবনকে স্মরণ করে সম্মাননা জানান। বাংলাদেশের নাট্যজগতে একসময়ের অতি পরিচিত নাট্যশিল্পী মৌসুমি মার্টিন দীর্ঘদিন পর আবার মঞ্চে এসেছেন এ নাটকের কেন্দ্রীয় ভূমিকায়।
নাটকে গোলাম মোস্তফা ও মৌসুমি মার্টিনের সঙ্গে এই প্রজন্মের মীর হোসেন, অমিত ভুঁইয়া, ও পাপড়ি অভিনয়ে অনবদ্য স্বাক্ষর রেখেছেন।সময়ের দূরত্বে মুক্তিযুদ্ধ ও অসম্প্রদায়িক চেতনা এখনো মলিন হয়নি, হতে পারেনা-নতুন প্রজন্মের মাঝে এ মূল্যবোধ জাগাতে আলাপন” থিয়েটারের এই উদ্যোগ। প্রর্দশনী শেষে সিডনীর নাটকপ্রিয় দর্শকদের মতে, এই ছুটেচলাজীবনে শত প্রতিবন্ধকতা কাটিয়ে নাটকটির নতুন মঞ্চায়ন সিডনিতে মঞ্চ নাটকের পরিচ্ছন্ন পরিবেশ ফিরাতে সহায়কভূমিকা রাখবে বলে মনে করেন।নাটকটির পর পর আরো বেশ কয়েকটি প্রদর্শনীর আয়োজন চলছে।
উল্লেখ্য, নাট্যজন জন মার্টিনের রচনা ও নির্দেশনায় ‘লিভ মি অ্যালন’ মঞ্চনাটকটি এর আগে ২০০২ সালে সিডনিতে মঞ্চায়িত হয়েছিল। এরপর দীর্ঘ ষোলো বছর মঞ্চের বাইরেই রয়ে যায় নাটকটি। সিডনিতে মঞ্চনাটকটি পরিবেশন করেছে সিডনির বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠনগুলোর প্রথমদিকের থিয়েটার সংগঠন আলাপন।
ইত্তেফাক/আরকেজি
