বাংলাদেশ সফরে আসছেন ভারত ও যুক্তরাষ্ট্রের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোত্রা এবং ওয়াশিংটন থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক শোলের ঢাকায় আসার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে জানায়, বিনয় কোত্রা ও ডেরেক শোলের আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সূচি চূড়ান্ত হয়েছে। এ ছাড়া সফরকালে তারা একাধিক আনুষ্ঠানিক বৈঠক করবেন।
আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগদানের কথা রয়েছে। কাল বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন বিনয় কোত্রা। পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত নয়াদিল্লি সফর নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
