নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নির্বাচনের তফসিল গত সোমবার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রচার-প্রচারণা শুরু করেছেন। আগামী ২৫ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণার পর কাঞ্চন পৌরসভার নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আবুল বাশার বাদশা, কাঞ্চন পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাবেক মেয়র মজিবুর রহমান, আমিরুল ইসলাম ইমন পৌরসভার বিভিন্ন এলাকায় উঠান বৈঠকসহ বিভিন্নভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। পিছিয়ে নেই সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থীরা। তারাও বিভিন্ন এলাকায় ঘুরে প্রচার প্রচারণা চালাচ্ছেন।
সম্ভাব্য মেয়র প্রার্থী রফিকুল আলম রফিক বলেন, তিনি মেয়র নির্বাচিত হলে কাঞ্চন পৌরসভাকে উন্নয়নের রোল মডেল করবেন। এ পৌরসভা থেকে মাদক নির্মূল, আধুনিকায়ন, রাস্তাঘাট নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করবেন। সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থী ফেরদৌসী আক্তার বলেন, তিনি নির্বাচিত হলে কাঞ্চন পৌরসভার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। মাদক নির্মূল, বাল্যবিয়ে বন্ধসহ বিভিন্ন সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে কাজ করবেন।
উল্লেখ্য, কাঞ্চন পৌরসভায় মোট ভোটার রয়েছেন ৩৫ হাজার ছয়শ ৭৫ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৮ হাজার ১৮৫ আর আর নারী ভোটার ১৭ হাজার ৫শ জন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মাহবুবুর রহমান জানান, কাঞ্চন পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ৩০ জুন। মনোনয়নপত্র যাচাই বাছাই ২ জুলাই, প্রত্যাহার ৯ জুলাই। নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুলাই।
