তিনি ‘ভাড়াটে বয়ফ্রেন্ড’!

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৫৮

যুগলদের জন্য বিশ্ব ভালোবাসা দিবস অনেক কাঙ্ক্ষিত একটা দিন। এই দিন উপলক্ষে বিশ্বের বহু দম্পতি ও যুগলেরা নানা আয়োজন করেন। তবে এর পুরো বিপরীত ঘটে সিঙ্গেলদের ক্ষেত্রে। অনেকসময়ই এদিন তারা একাকীত্বে ভুগেন। তবে ভারতের এক যুবক এক আজব প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন।

‘দ্য ইকোনোমিক টাইমস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির গুরুগ্রামের বাসিন্দা ৩১ বছরের শাকুল গুপ্তা সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে এক পোস্ট দিয়েছেন। সেখানে তিনি এবারের ‘ভ্যালেন্টাইনস ডে’ তে ‘ভাড়ায় বয়ফ্রেন্ড’ হওয়ার প্রস্তাব দেন। লিখেন, কোনও একা নারী চাইলে এ ভালোবাসার মৌসুমে তার সঙ্গে আনন্দে মেতে উঠতে পারেন।

পেশায় প্রযুক্তিবিদ শাকুলের এই প্রস্তাব মুহূর্তের মধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। শাকুলের সেই পোস্টে দেখা যায়, তিনি একটি গোলাপ হাতে ‘বয়ফ্রেন্ড অন রেন্ট’ লেখা বোর্ড হাতে ধরে আছেন। সেখানে তিনি লিখেছেন, ভ্যালেন্টাইনস সপ্তাহে একাকীত্ব দূর করার জন্য তিনি অবিবাহিত নারীদের ডেটিং পরিষেবা দিচ্ছেন। এ ছাড়া তিনি লিখেন, তার এই পরিষেবার উদ্দেশ্য বাণিজ্যিক বা শারীরিক নয়। 

শাকুল আরও লিখেন, আমি এই ভ্যালেন্টাইনস ডে- তে আপনার বন্ধু হতে বা নির্ভর করার জন্য আপনাকে আমার কাঁধ দিতে পারি। আমি আপনার মেক-আপ অনুশীলনের মডেল হতে পারি অথবা আপনি যদি অলস হতে চান, আপনার বিশ্রামের সময় আমি আপনার জন্য যা বলবেন তাই রান্না করে দিতে পারি!

৩১ বছর বয়সী এই যুবক দাবি করেছেন, ‘ভাড়ায় বয়ফ্রেন্ড’ হওয়ার আগে তিনি জীবনে কখনও ডেটে যাননি। চারপাশে অসংখ্য প্রেমিক যুগল আর বন্ধু-বান্ধবদেরকে ডেট করতে যেতে দেখে তিনি ভেতরে ভেতরে ঈর্ষান্বিত হতেন; মন খারাপ হয়ে যেত।তখনই সিদ্ধান্ত নেন, তার মতো একাকিত্বে ভোগা নারীদের সঙ্গী হবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় পাঁচ বছর আগে শাকুল নারীদের এই ডেটিং পরিষেবা দেওয়া শুরু করেন। এই সময়ে তিনি ৫০ জনের বেশি নারীর সঙ্গে ডেট করেছেন এবং তাদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন। এজন্য তিনি কোনও অর্থ নেন না। এই নিয়ে শাকুল বলেছেন, ডেটে তিনি শুধু আনন্দ ও হাসি ভাগ করে নিতে চান।

ইত্তেফাক/এসআর