৯৯৯ নম্বরে ফোন করে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ জঙ্গির

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩১

জঙ্গি আস্তানা থেকে পালিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন এক যুবক  (২৬)। গতকাল মঙ্গলবার  বেলা পৌনে ১২টার দিকে ফোন করেন ঐ যুবক। পরে পুলিশ কনস্টেবল জয় বিশ্বাস কলটি রিসিভ করে রাজধানীর উত্তরখান জোনের এডিসি ইয়াসির আরাফাতকে জানান। দুপুরের দিকে উত্তরখান থানা এলাকায় ঐ যুবককে উদ্ধার করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ।

পুলিশ প্রাথমিকভাবে ২৬ বছর বয়সি ঐ তরুণের নাম প্রকাশ করেনি। তিনি এখন উত্তরখান থানা হেফাজতে রয়েছেন বলে ৯৯৯-এর মিডিয়া শাখার পরিদর্শক আনোয়ার সাত্তার জানিয়েছেন।

পুলিশ জানায়, গত বছরের ২৭ ডিসেম্বর হিজরতের উদ্দেশ্যে কুমিল্লার গ্রামের বাড়ি থেকে টাকা চুরি করে ‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল শারক্বীয়া’য় যোগ দেওয়ার জন্য ঘর ছাড়েন এক যুবক। এরপর তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করেন। প্রশিক্ষণের জন্য তাদের যাওয়ার কথা ছিল কক্সবাজার। কিন্তু এরই মধ্যে ঐ যুবক নিজের ভুল বুঝতে পেরে আস্তানা থেকে পালিয়ে যান।

পরে তিনি উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির কাছে আশ্রয় নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার ইচ্ছা প্রকাশ করে ৯৯৯ নম্বরে কল দেন।  কিন্তু তার ভয় ছিল এ কথা জানতে পারলে বা তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে হত্যার শিকার হতে পারেন তিনি। তাই জরুরি জাতীয় সেবা নম্বরে ফোন করে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন ঐ যুবক।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ গণমাধ্যমকে জানান, স্বাভাবিক জীবনে ফেরার ইচ্ছা প্রকাশ করা ঐ যুবককে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, বেশ কয়েক জন তরুণের ঘর ছাড়া তদন্তে নেমে ২০২২ সালের অক্টোবরে র‍্যাব নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ সম্পর্কে তথ্য পাওয়ার কথা জানায়।

 

ইত্তেফাক/ইআ