বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের অফিস সহকারী (বেসরকারি) রম্নহুল আমিনকে (৩০) হুন্ডির টাকাসহ বিএসএফ গত সোমবার সন্ধ্যায় আটক করেছে। এ সময় তার সঙ্গে থাকা তিন পুলিশ কনস্টেবলকে আটক করে দেহ তলস্নাশি করে ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে দুই দেশের চেকপোস্ট এলাকায় গুঞ্জন চলছে।
বেনাপোল পুলিশ ইমিগ্রেশনের ওসি মো. আবুল বাশার মিয়া জানান, সোমবার দুপুরের দিকে কনস্টেবল আযম, রোমানা ও তিষা আমার অনুমতি না নিয়েই ভারতে যায় কিছু কেনাকাটা করতে। তাদের সঙ্গে যায় রুহুল আমিন নামে এক যুবক। রুহুল আমিন ইমিগ্রেশনে বেসরকারিভাবে কাজ করে। কেনাকাটা শেষে ফেরার সময় গোপন সংবাদের ভিত্তিতে এ তিন পুলিশ কনস্টেবলসহ রুহুলকে আটক করে পেট্রাপোল বিএসএফ। পরে তাদের শরীর তল্লাশি করে দুই লাখ টাকা জব্দ করে বিএসএফ সদস্যরা।
ইমিগ্রেশনের দায়িত্বরত কর্মকর্তারা প্রাথমিকভাবে বিএসএফের সঙ্গে দেনদরবার করে তিন পুলিশ সদস্যকে মুক্ত করে নিয়ে আসে। বিএসএফ জব্দকৃত হুন্ডির টাকাসহ আটক করে রুহুলকে। ওসি আবুল বাশার মিয়া আরো জানান, তিন পুলিশ কনস্টেবলকে রাতেই যশোর পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।
