শুরু হয়ে গেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর অষ্টম আসরের খেলা। গত সোমবার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মুলতান সুলতান ও লাহোর কালান্দার্স। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তানের মুলতানের মুলতান ক্রিকেট স্টেডিয়ামে। তবে ম্যাচটি মাঠে গড়ানোর আগেই ঘটে যায় দুর্ঘটনা। স্টেডিয়ামের একটি ফ্লাডলাইটে হঠাৎ ধরে যায় আগুন। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ম্যাচটি গড়াতেও হয় বিলম্ব।
জানা গেছে, প্রথম ম্যাচ মাঠে গড়ানোর আগে উদ্বোধনী অনুষ্ঠানের সময় আতশবাজি ফাটানো হয়। তা থেকেই নাকি ফ্লাডলাইটে লেগে যায় আগুন। পরে তাৎক্ষণিকভাবে ফায়ার ব্রিগেড মাঠে পৌঁছে আগুন নেভায়, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এ নিয়ে কোনো বিবৃতি জারি করা হয়নি।
এদিকে, আগুনের কারণে খেলা ৩০ মিনিট বিলম্বিত হয়ে শুরু হলেও উত্তেজনা ছিল টান টান। প্রথম ম্যাচেই মুলতান সুলতানকে ১ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স। এ দিন নিজেদের ঘরের মাঠে প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুলতান সুলতান। প্রথমে ব্যাট করতে নামে লাহোর কালান্দার্স। ফাখার ৪২ বলে ৬৬ রানের ইনিংস খেলেন। তার এ ইনিংসে লাহোর নির্ধারিত ২০ ওভারে ১৭৫ রান সংগ্রহ করে।
জবাব দিতে নেমে মুলতানেরও শুরুটা দারুণ হয়েছিল। শান মাসুদ ও রিজওয়ান দলের শুরুটা দারুণ করেছিলেন তবে তাদের ইনিংসটি ছিল একটু স্লো। আর এতেই কপাল পোড়ে তাদের। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মুলতান তোলে ১৭৪ রান। ফলে টানটান উত্তেজনার ম্যাচে মাত্র ১ রানে জেতে লাহোর।
