ডিআইজি মিজানের বিষয়ে তদন্ত হচ্ছে, সোহেল তাজের ভাগনে উদ্ধার হয়ে যাবে --------------------- স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৯ জুন ২০১৯, ০০:১২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের ডিআইজি মিজানের বিষয়ে তদন্ত হচ্ছে। তদন্তের পর তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের ভাগ্নে সৌরভ উদ্ধার হয়ে যাবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুরক্ষা সেবা বিভাগের অধীনস্ত দফতরগুলোর সঙ্গে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিআইজি মিজানের বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত হচ্ছে। আইনের হাত থেকে কেউই রেহাই পায়নি। সরকার এ বিষয়ে অত্যন্ত কঠোর। ডিআইজি মিজানকে কেন গ্রেফতার করা হচ্ছে না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিআইজি মিজান অলরেডি সাসপেন্ড হয়েছে, অলরেডি ওএসডি হয়ে পড়ে রয়েছেন। আইন অনুযায়ী তার শাস্তির বিধান হচ্ছে। সোহেল তাজ তাঁর ভাগ্নে সৌরভের অপহরণের বিষয়ে গত সোমবার সংবাদ সম্মেলন করে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেন। ভাগ্নেকে উদ্ধারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেহেতু পুলিশ উদ্ধার  প্রক্রিয়া  শুরু করেছে, উদ্ধার হয়ে যাবে। আমি পুলিশ কমিশনারকে যা বলার বলে দিয়েছি। তিনি (সিএমপি কমিশনার) কাজ করছেন, হয়ত তার খোঁজ পাওয়া যাবে এবং তিনি বেরিয়ে আসবেন। স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, সৌরভ নিজেও কোথাও গিয়ে থাকতে পারেন, আবার তাকে কেউ তুলেও নিতে পারে। এখানে দুটোই তো হতে পারে। যদি কোনোখানে তিনি যেয়ে থাকেন এর মধ্যে ফিরে আসবেন। আর তা না হলে জিডি মূলে পুলিশ, পুলিশ কর্মকর্তারা আইনি ব্যবস্থা নেবেন।

অতিরিক্ত পুলিশ সুপারদের বিভিন্ন থানার ওসির দায়িত্ব দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, এটা চলমান প্রক্রিয়া, এ ধরনের সিদ্ধান্ত এখনও হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে রয়েছে কারা অধিদফতর, পাসপোর্ট অধিদফতর, ফায়ার সার্ভিস অ্যান্ড  সিভিল ডিফেন্স ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মন্ত্রী বলেন, ২০১৬-১৭ অর্থবছরে এই বিভাগের সাফল্যের হার ছিল ৯৬ শতাংশ। গত অর্থবছরের হার এখনও আসেনি, তবে তা ৯৬ শতাংশ ছাড়িয়ে যাবে।