মাঠে গড়িয়েছে উত্তেজনা ঠাসা বিপিএলের ফাইনালের মহারণ। মিরপুরের হোম অব ক্রিকেটে সন্ধ্যা সাড়ে ছয়টায় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শিরোপার লড়াইয়ে মাঠে নামে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। টস জিতে সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস।
বিপিএলের ফাইনালে টস করতে নেমেই অন্যরকম এক সেঞ্চুরি পূরন করে ফেললেন দেশসেরা অধিনায়ক মাশরাফি। বিপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে শততম ম্যাচ খেলার নজির গড়লেন মাশরাফি বিন মুর্তজা।
এছাড়া অধিনায়ক হিসেবে বিপিএলে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডেও সবার উপরেই নড়াইল এক্সপ্রেসের নাম। অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত ৬৪ ম্যাচে জয় তুলে নিয়েছেন ম্যাশ। হার ৩৫ ম্যাচে। শতকরা জয় ৬৪.৬৪ ভাগ ম্যাচেই।
২০১২ সাল থেকে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই অধিনায়ক হিসেবে খেলছেন মাশরাফি। বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। এবার নিয়ে অধিনায়ক হিসেবে পঞ্চমবার ফাইনাল খেলবেন ম্যাশ। আগের চারবারই অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন মাশরাফি।
বিপিএলের প্রথম দুই মৌসুমেই ঢাকা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছিলেন মাশরাফি। তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক হিসেবে হ্যাটট্রিক শিরোপা জেতেন ম্যাশ। এরপর পঞ্চম আসরে রংপুর রাইডার্সের জার্সিতে চ্যাম্পিয়নের স্বাদ নেন দেশ সেরা অধিনায়ক মাশরাফি।
এর আগে খেলোয়াড় হিসেবেও চলমান আসরে ১০০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন মাশরাফি। খেলোয়াড় হিসেবে এ পর্যন্ত বিপিএলে ১০৪ ম্যাচে বল হাতে ৯৭ উইকেট ও ব্যাট হাতে ৫৯৩ রান করেছেন মাশরাফি।
