পাবনায় মামলা প্রত্যাহারের হুমকি ও ধর্ষণের বিচার না পাওয়ায় কলেজছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে ওই কলেজছাত্রী।
জানা যায়, উপজেলার নন্দনপুর ইউনিয়নের সুন্দনকান্দি গ্রামের আব্দুর রহমানের ছেলে নাদের আলীর (২৫) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো। গত বছরের ৩০ ডিসেম্বর সন্ধ্যায় নিহতের মা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ফাঁকা বাড়ি পেয়ে তাকে ধর্ষণ করে নাদের আলী। কলেজছাত্রীর দরিদ্র পরিবার বিচারের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিয়েও বিচার পায়নি।
নিহতের বাবা জানান, স্থানীয়ভাবে বিচার না পেয়ে আমার স্ত্রী বাদী হয়ে আদালতে মামলা করেন। উক্ত মামলায় নাদের আলী প্রায় সাড়ে তিন মাস জেল খেটে ১৩ ফেব্রুয়ারি জামিনে পেয়ে মামলা তুলে নিতে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এ ঘটনায় ১৪ ফেব্রুয়ারি নিরাপত্তা চেয়ে সাঁথিয়া থানায় সাধারণ ডায়েরিও করা হয়।
নিহতের মা জানান, আমার মেয়ে আসামি জামিন পেয়ে ভয় দেখাচ্ছে আর বিচার পাবে না এ হতাশায় আত্মহত্যা করেছে।
সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনার পর থেকে নাদের আলী পলাতক রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আদালতে মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।
