বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার বিচারকার্য চলবে। এই মামলা বাতিল চেয়ে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে বিচারিক আদালতে মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির মামলার বিচার চলতে আইনগত বাধা থাকল না বলে জানান আইনজীবীরা।
আদালতে মির্জা আব্বাসের পক্ষে আব্দুর রেজাক খান ও সগীর হোসেন লিয়ন এবং দুদকের পক্ষে মো. খুরশীদ আলম খান শুনানি করেন।
মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলার বিচার চলবে মর্মে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদন গত ২৫ অক্টোবর খারিজ করে দেয় আপিল বিভাগ। ঐ খারিজ আদেশের বিরুদ্ধে রিভিউ চান তিনি। প্রসঙ্গত, ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ৩৩ লাখ ৪৮ হাজার ৫৮১ টাকা তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালে রমনা থানায় মামলা করে দুদক।
